শামীম কায়সারকে মন্ত্রিসভায় ডাক, দায়িত্ব পেতে পারেন যে মন্ত্রণালয়ের

মন্ত্রিসভায় বড় ধরনের রদবদল হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় নতুন করে যুক্ত হচ্ছেন আরও চারজন। পাশাপাশি ছয়টি মন্ত্রণালয়ে পরিবর্তন আনার বিষয়েও চিন্তাভাবনা করছে সরকার।

শুক্রবার (২১ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

মন্ত্রিসভায় নতুন করে যুক্ত হতে যাওয়া চারজনের একজন হলেন— গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

সূত্র জানিয়েছে, নতুন সদস্যদের মধ্যে মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী করার আলোচনা রয়েছে। কয়েক দিন ধরেই তাকে ধর্ম প্রতিমন্ত্রী করার আলোচনা চলছে।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, সরকারের কার্যক্রমে আরও গতি আনতে মন্ত্রিসভায় রদবদলের পরিকল্পনা করা হচ্ছে। এর অংশ হিসেবে বিমান মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পরিবর্তন আসতে পারে।

এদিকে, নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথের প্রস্তুতিও নেওয়া হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতির শপথের পরপরই মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ হবে।

নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এদিকে, নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য সরকারি যানবাহন অধিদপ্তরের (পরিবহন পুল) পক্ষ থেকেও প্রস্তুতি নেওয়া হয়েছে।

Share post:

আরও খবর